ঢাকা অর্থনীতি ডেস্ক:
বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে স্বর্ণের দাম। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত কমার সম্ভাবনায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে। এর মধ্যেই এক লাফে ১ শতাংশের বেশি বেড়েছে এই মূল্যবান ধাতুর দাম। ফলে দেশের বাজারেও স্বর্ণের দাম বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সকালে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ সময় সকাল ৮টা ২০ মিনিটে আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১২৯ ডলার ৬৯ সেন্টে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ডিসেম্বরের গোল্ড ফিউচারের দামও ১ দশমিক ৬ শতাংশ বেড়ে ৪ হাজার ১৩৯ ডলারে পৌঁছেছে।
রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত কমার সম্ভাবনা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির নতুন তথ্য এবং দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হারসংক্রান্ত পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা। এসব বিষয় স্বর্ণের বাজারে প্রভাব ফেলছে।
স্বর্ণের পাশাপাশি বিশ্ববাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। এদিন রূপার দাম ২ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৩ ডলার ৩১ সেন্টে পৌঁছেছে। এছাড়া প্লাটিনামের দাম ১ দশমিক ৬ শতাংশ এবং প্যালাডিয়ামের দাম ২ দশমিক ১ শতাংশ বেড়েছে।
দেশের বাজারে স্বর্ণের দাম কত?
সর্বশেষ গত শুক্রবার (৬ নভেম্বর) দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। টানা তিন দফা দাম বাড়ানোর পর সেদিন ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়।
এর ফলে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা। নতুন কোনো সিদ্ধান্ত না আসায় এখনো এই দামেই বিক্রি হচ্ছে ২২ ক্যারেটের স্বর্ণ।
বর্তমানে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৬ হাজার ৭১৭ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮৬ হাজার ৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৫২ হাজার ৪০ টাকা। তবে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের বড় উল্লম্ফনের প্রভাব দেশের বাজারেও পড়তে পারে। ফলে আগামীতে দেশে স্বর্ণের দাম বাড়ানোর সম্ভাবনা তৈরি হয়েছে।










কমেন্ট করুন