ঢাকা অর্থনীতি ডেস্ক:
দেশে চলমান গ্যাস সরবরাহ সংকট কাটিয়ে পরিস্থিতি স্বাভাবিক হতে অন্তত দুই থেকে তিন দিন সময় লাগবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি জানান, একটি এফএসআরইউ (ভাসমান এলএনজি টার্মিনাল) পুনরায় চালুর কাজ শেষ পর্যায়ে রয়েছে এবং এটি চালু হলে বিকেল থেকেই গ্যাস সঞ্চালন শুরু হবে।
আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের করিডোরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী জানান, এফএসআরইউ চালু হলে গ্যাস সঞ্চালন পুনরায় শুরু হবে এবং ধীরে ধীরে পাইপলাইনে চাপ বাড়বে। এতে বর্তমান সংকট থেকে উত্তরণ সম্ভব হবে। সংকট পুরোপুরি কাটতে কতদিন লাগবে জানতে চাইলে তিনি বলেন, মিনিমাম দুই থেকে তিন দিন লাগবে। এরপর আগের মতো গ্যাস সরবরাহ স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে।
গ্যাস সংকটের কারণে দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় লোডশেডিং বেড়েছে স্বীকার করে মন্ত্রী বলেন, গ্যাস না থাকলে বিদ্যুৎকেন্দ্র চালানো সম্ভব নয়। গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে বন্ধ হয়ে যাওয়া বিদ্যুৎকেন্দ্রগুলো পর্যায়ক্রমে চালু করা হবে এবং বিদ্যুৎ পরিস্থিতিরও উন্নতি হবে।
বিদ্যুৎ ও গ্যাস খাতে সমালোচনার বিষয়ে মন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতি মূলত এমন কিছু কারণে তৈরি হয়েছে যা সরকারের নিয়ন্ত্রণের বাইরে এবং এই সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে।
সাম্প্রতিক সময়ে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, অধিকাংশ ক্ষেত্রে প্রকৃত বিদ্যুৎ ব্যবহার যাচাই করলে অভিযোগের সঙ্গে বাস্তবতার মিল পাওয়া যায় না। একটি উদাহরণ দিয়ে তিনি জানান, একজন গ্রাহক প্রায় সাত হাজার টাকা বিদ্যুৎ বিল আসার অভিযোগ করেছিলেন। পরে তদন্তে দেখা যায়, ওই বাসায় দুটি এয়ার কন্ডিশনার, ফ্রিজসহ একাধিক বৈদ্যুতিক যন্ত্র নিয়মিত ব্যবহার করা হচ্ছিল। এতগুলো যন্ত্র ব্যবহার করলে সাত হাজার টাকা বিল হওয়াকে অস্বাভাবিক বলা যায় না বলেও মন্তব্য করেন তিনি।










কমেন্ট করুন