Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

বাংলাদেশে এলএনজি সরবরাহ বন্ধের মেয়াদ বাড়াল কাতার এনার্জি

ঢাকা অর্থনীতি ডেস্কঃ হরমুজ প্রণালি বন্ধ থাকায় বিশ্বজুড়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ নিয়ে অনিশ্চয়তা আরও গভীর হলো। মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতির কারণে ফোর্স মেজর নোটিশের মেয়াদ বাড়িয়েছে কাতার এনার্জি। এর ফলে ইতালির প্রভাবশালী ইউটিলিটি প্রতিষ্ঠান এডিসনসহ এশিয়ার একাধিক গ্রাহক দেশ নির্ধারিত সময়ে গ্যাস সরবরাহ পাচ্ছে না।

ইউরোপে কাতার এনার্জির অন্যতম বড় ক্রেতা এডিসন জানিয়েছে, আগামী ডিসেম্বরের আগে তারা নতুন কোনো এলএনজি কার্গো পাবে না। যুক্তরাষ্ট্র ও ইরানের সামরিক সংঘাতের জেরে সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়লে গত এপ্রিলে প্রথমবারের মতো ফোর্স মেজর নোটিশ জারি করেছিল কাতার। পরিস্থিতির উন্নতি না হওয়ায় এবার সেই মেয়াদ আরও এক দফা বাড়ানো হলো।

সংকটের প্রভাব পড়ছে এশিয়াতেও। বাণিজ্যিক সূত্রগুলো নিশ্চিত করেছে, বাংলাদেশ ও পাকিস্তানের মতো গুরুত্বপূর্ণ গ্রাহকদেরও আগামী নভেম্বর পর্যন্ত গ্যাস না পাওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে। যদিও এ বিষয়ে কাতার এনার্জির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

চলমান ইরান সংঘাতের ফলে চরম অর্থনৈতিক ধাক্কার মুখে পড়েছে কাতার। আন্তর্জাতিক সংবাদসংস্থা রয়টার্সের তথ্যমতে, গত আগস্টের শেষ নাগাদ দেশটির এলএনজি রপ্তানি প্রায় ৯৬ শতাংশ কমে গেছে।

হরমুজ প্রণালির মারাত্মক ঝুঁকি সত্ত্বেও প্রতিবেশী কয়েকটি দেশ বিকল্প উপায়ে তেল পরিবহন করলেও গ্যাসের বাজারে তা সম্ভব হচ্ছে না। ডেটা ইন্টেলিজেন্স প্রতিষ্ঠান আইসিআইএসের হিসাব অনুযায়ী, গত বছরের আগস্ট পর্যন্ত যেখানে কাতার ৫০৯টি এলএনজি কার্গো পাঠাতে পেরেছিল, এবার সেই সংখ্যা নেমে এসেছে মাত্র ১৮টিতে। সমুদ্রপথে এই অচলাবস্থা কাটানোই এখন বিশ্ব জ্বালানি বাজারের বড় চ্যালেঞ্জ।

 

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন