ঢাকা অর্থনীতি ডেস্ক:
নিজেদের দেশীয় প্রযুক্তি ব্যবহারের নীতি থেকে সরে এসে ইসরায়েলি প্রতিষ্ঠানের তৈরি নজরদারি প্রযুক্তি কেনার অনুমতি দিয়েছে ভারত সরকার। এতে দেশটির সরকারি সংস্থাগুলোর হাতে সাধারণ মানুষের ব্যক্তিগত ফোন, সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন অ্যাকাউন্টের তথ্য সংগ্রহের সক্ষমতা বাড়বে বলে উদ্বেগ প্রকাশ করেছেন মানবাধিকারকর্মীরা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক অনুসন্ধানী প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, ডিজিটাল অধিকার নিয়ে কাজ করা সংস্থা ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশন (আইএফএফ) ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের স্বাক্ষর করা একটি চিঠি পর্যালোচনা করে বিষয়টি জানতে পারে। গত ৭ জানুয়ারির ওই চিঠিতে বিদেশি প্রযুক্তিপণ্য কেনার ক্ষেত্রে এক বছরের জন্য বিশেষ ছাড় দেওয়া হয়। এর ফলে অন্তত ৪২২টি বিদেশি ফরেনসিক প্রযুক্তিপণ্য কেনার সুযোগ তৈরি হয়েছে। এসব পণ্যের মধ্যে রয়েছে ইসরায়েলি প্রতিষ্ঠান সেলিব্রাইটের তৈরি মোবাইল ফোন থেকে তথ্য সংগ্রহ ও নজরদারির প্রযুক্তি।
এ ছাড়া ২০ জানুয়ারির আরেকটি চিঠিতে ভারতের জাতীয় তদন্ত সংস্থাকে (এনআইএ) সেলিব্রাইটের “প্রিমিয়াম টুল” তিন বছরের লাইসেন্সে প্রায় ৫ কোটি রুপিতে কেনার অনুমতি দেওয়া হয়।
অনুসন্ধানে দেখা গেছে, এসব প্রযুক্তির মাধ্যমে পাসওয়ার্ড ছাড়াই মোবাইল ফোন থেকে তথ্য সংগ্রহ এবং মুছে ফেলা ফাইল উদ্ধার করা সম্ভব। পাশাপাশি ইনস্টাগ্রাম, এক্স, টেলিগ্রাম ও টিন্ডারের মতো প্ল্যাটফর্মের ক্লাউডভিত্তিক তথ্যেও প্রবেশের সক্ষমতা রয়েছে। এমনকি অ্যামাজনের অ্যালেক্সা ও গুগল হোমের মতো সংযুক্ত ডিভাইস থেকেও তথ্য সংগ্রহ করা যেতে পারে।
আইএফএফের শনাক্ত করা ৪২২টি পণ্যের তালিকায় ডিজিটাল ও মাল্টিমিডিয়া ফরেনসিকস-সংক্রান্ত ১১৮টি পণ্য রয়েছে। সেলিব্রাইট ছাড়াও ম্যাগনেট, এমএসএবি, অক্সিজেন ফরেনসিকস ও বেলকাসফটের তৈরি প্রযুক্তি রয়েছে তালিকায়।
ভারতের সুপ্রিম কোর্টের আইনজীবী ও ডিজিটাল অধিকার বিশেষজ্ঞ বৃন্দা ভান্ডারি মনে করেন, দেশটিতে নজরদারির পরিধি ক্রমেই বিস্তৃত হচ্ছে। তাঁর মতে, বিদ্যমান আইনে জব্দ করা ফোনের পাসওয়ার্ড ভেঙে সব তথ্য সংগ্রহ কিংবা ক্লাউড অ্যাকাউন্টে প্রবেশের বিষয়ে সুস্পষ্ট বিধান নেই।
২০১৭ সালে ভারতের সুপ্রিম কোর্ট ব্যক্তিগত গোপনীয়তাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেয়। তবে নজরদারি কার্যক্রমের ওপর কার্যকর সংসদীয় ও বিচারিক তদারকির অভাব রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এর আগে ভারতীয় সাংবাদিক, অধিকারকর্মী ও রাজনৈতিক বিরোধীদের ওপর ইসরায়েলি পেগাসাস স্পাইওয়্যার ব্যবহারের অভিযোগ উঠেছিল।
তবে অননুমোদিত নজরদারির অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে ভারত সরকার। নতুন প্রযুক্তি কেনার বিষয়ে এনআইএ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলোর কাছে বক্তব্য চাওয়া হলেও প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি।
সূত্র: আল জাজিরা









কমেন্ট করুন