Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

দুর্গাপূজা শেষে রাত ৮টার মধ্যে দোকানপাট-শপিং মল বন্ধের নির্দেশ

ছবি : সংগৃহীত
ঢাকা অর্থনীতি ডেস্ক:
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শপিং মল, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার বিশেষ সুযোগের সময়সীমা শেষ হয়েছে। উৎসবের আমেজ পেরিয়ে শুক্রবার (২৩ অক্টোবর) থেকে পুনরায় পূর্বের নির্ধারিত সময়সূচি কার্যকর হচ্ছে। ফলে এখন থেকে প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখা যাবে এবং আজ থেকেই কেনাকাটার সময় ২ ঘণ্টা কমে আসছে।
বিদ্যুৎ পরিস্থিতি সাশ্রয়ী ও কার্যকর রাখার লক্ষ্যে এ বছর সরকার একাধিক দফায় দোকানপাট ও মার্কেটের সময়সূচিতে পরিবর্তন এনেছে। বিদ্যুৎ বিভাগের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, গত ৫ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত কেনাকাটার সময় বাড়ানো হয়েছিল। সেই নির্ধারিত মেয়াদ পূর্ণ হওয়ায় আজ থেকে আবারো আগের সময়সূচিতে ফিরে যাচ্ছে বাজার ব্যবস্থা।
পূর্বে জারি করা বিদ্যুৎ বিভাগের নির্দেশনায় স্পষ্ট করা হয়েছিল, দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত সকল শপিং মল, মার্কেট ও দোকানপাট বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সুযোগ থাকলেও ২৩ অক্টোবর থেকে পুনরায় বেলা ১১টা থেকে রাত ৮টার স্বাভাবিক নিয়ম বহাল থাকবে।
চলতি বছরে বৈশ্বিক ও অভ্যন্তরীণ জ্বালানি সংকটের কারণে কয়েক ধাপে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধের সময় পুনর্নির্ধারণ করে সরকার। এপ্রিলের গোড়ার দিকে শপিং মল ও দোকানপাট সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধের সিদ্ধান্ত কার্যকর হলেও পরবর্তীতে ব্যবসায়ী সংগঠনের আবেদনের প্রেক্ষিতে তা এক ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা করা হয়।
এরপর কোরবানির ঈদকে কেন্দ্র করে ১২ মে থেকে সাময়িকভাবে রাত ১০টা পর্যন্ত মার্কেট খোলা রাখার অনুমোদন মেলে। জুনে এই সময়সীমা পুনর্নির্ধারণ করে রাত ৯টা করা হয়। পরবর্তীতে ১২ আগস্ট বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টি অগ্রাধিকার দিয়ে আরো এক ঘণ্টা কমিয়ে সময়সূচি রাত ৮টায় নামিয়ে আনা হয়, যেখানে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন