ঢাকা অর্থনীতি ডেস্ক:
দেশে এমন একটি পরিবেশ তৈরি হয়েছে যেখানে সবাই স্বাধীনভাবে নিজেদের মতামত প্রকাশ করতে পারছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। দীর্ঘদিন পর মানুষ মুক্তভাবে কথা বলার সুযোগ পাচ্ছে বলেও জানান তিনি।
শুক্রবার (৩ জুলাই) রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আয়োজিত এক আলোচনাসভায় এসব কথা বলেন রিজভী।
তিনি বলেন, কৃত্রিমভাবে বিভাজন সৃষ্টি করা গেলেও বাংলাদেশের মানুষ সবসময় ধর্ম-বর্ণ নির্বিশেষে একসঙ্গে সংগ্রাম করতে অভ্যস্ত। তাই এ জাতিকে বিভক্ত করা সম্ভব নয়।
বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে দেশের সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ একসঙ্গে অংশ নিয়েছে। জুলাইয়ের গণ-আন্দোলনে শুধু মুসলিম নয়, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষও গুলিবিদ্ধ হয়েছেন এবং রক্ত দিয়েছেন বলে দাবি করেন তিনি। তাই দেশ গঠনের কাজেও সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে বলে আহ্বান জানান তিনি।
দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করার পাশাপাশি একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলেও দাবি করেন তিনি।
আলোচনাসভায় ঢাকা মহানগর বিএনপি এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।










কমেন্ট করুন