Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

খামেনির শেষ শ্রদ্ধানুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন স্পিকার হাফিজ উদ্দিন

ছবি : সংগৃহীত

ঢাকা অর্থনীতি ডেস্ক:

ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সম্মানের সঙ্গে শেষ শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে খামেনির শহীদী আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ।

শুক্রবার (৩ জুলাই) তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে আয়োজিত রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন তিনি।

শেষ শ্রদ্ধা নিবেদনের আগে তেহরানে ইরানের ইসলামিক কনসাল্টেটিভ অ্যাসেম্বলির স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে বৈঠকে মিলিত হন হাফিজ উদ্দিন আহমদ। বৈঠকের শুরুতে স্পিকার গালিবাফ বাংলাদেশের স্পিকার ও তার প্রতিনিধিদলকে স্বাগত জানান।

বৈঠকে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন হাফিজ উদ্দিন আহমদ এবং এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান। তিনি বলেন, এই জাতীয় শোকের সময়ে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে ইরান সরকার এবং দেশটির জনগণের প্রতি গভীর সমবেদনা ও সংহতি জানানো হচ্ছে।

বৈঠকে দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের বিষয়ও আলোচনায় আসে। বাংলাদেশ ও ইরানের দীর্ঘদিনের বন্ধুত্ব, সাংস্কৃতিক সম্পর্ক এবং জনগণের পারস্পরিক যোগাযোগের কথা তুলে ধরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ভবিষ্যতে এই সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদী।

এর আগে বৃহস্পতিবার (২ জুলাই) রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে প্রতিনিধিদলসহ তেহরানে পৌঁছান বাংলাদেশের স্পিকার। ইরানের রাজধানীর বিমানবন্দরে তাকে স্বাগত জানান দেশটির ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবাই।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন