Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

এ বছর পুলিৎজার পেলেন যারা

ঢাকা অর্থনীতি ডেস্ক:

সাংবাদিকতার সম্মানজনক পুরষ্কার ‘পুলিৎজার’ গতকাল সোমবার (৪ মে) ঘোষণা করা হয়েছে। এবার বিভিন্ন বিভাগে পুলিৎজার জিতেছে রয়টার্স, ওয়াশিংটন পোস্ট ও নিউইয়র্ক টাইমস।

এ বছর আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স দুটি ভিন্ন বিভাগে এই পুরস্কার জয় করে শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। ট্রাম্প প্রশাসনের রাজনৈতিক প্রতিহিংসা ও মেটার এআই প্রযুক্তির অপব্যবহার নিয়ে রয়টার্সের ধারাবাহিক প্রতিবেদনগুলো বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে।

রয়টার্স তাদের প্রথম পুরস্কারটি পেয়েছে ন্যাশনাল রিপোর্টিং বা জাতীয় সংবাদ পরিবেশন বিভাগে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কীভাবে সরকারি ক্ষমতা ব্যবহার করে তাঁর রাজনৈতিক শত্রুদের ওপর প্রতিহিংসা চরিতার্থ করার চেষ্টা করেছেন, সে বিষয়ে এক ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের জন্য রয়টার্সের সাংবাদিকদের এই সম্মান দেওয়া হয়। নেড পার্কার, লিন্ডা সো, পিটার আইজলার ও মাইক স্পেক্টরের করা এই প্রতিবেদনে উন্মোচিত হয়েছে ট্রাম্পের এক নজিরবিহীন ‘শত্রুনিধন’ অভিযানের কথা।

দ্বিতীয় পুরস্কারটি এসেছে বিট রিপোর্টিং (বৃহৎ অনুসন্ধানী প্রতিবেদন) বিভাগে। টেক রিপোর্টার জেফ হরউইৎজ ও এঞ্জেন থাম মেটার ব্যবসায়িক মডেলের গোপন নথিপত্র ফাঁস করে এক ভয়াবহ সত্য সামনে এনেছেন। তাঁদের প্রতিবেদনে দেখানো হয়েছে, ফেসবুক ও ইনস্টাগ্রাম জেনেশুনে ব্যবহারকারীদের, বিশেষ করে, শিশুদের ক্ষতিকারক এআই চ্যাটবট এবং জালিয়াতিপূর্ণ বিজ্ঞাপনের মুখে ঠেলে দিচ্ছে।

অন্য বিজয়ীরা-

ওয়াশিংটন পোস্ট: ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ও বিলিয়নিয়ার ইলন মাস্কের নির্দেশে সরকারি দপ্তরে ব্যাপক বাজেট ছাঁটাইয়ের খবর পরিবেশন করে সম্মানজনক ‘পাবলিক সার্ভিস’ বিভাগে পুরস্কার জিতেছে।

নিউইয়র্ক টাইমস: প্রেসিডেন্ট পদ ব্যবহার করে ট্রাম্প ও তাঁর পরিবার এবং সহযোগীদের ব্যবসায়িক মুনাফা অর্জনের রহস্য ফাঁস করে মোট তিনটি বিভাগে পুরস্কার জিতেছে।

শিকাগো ট্রিবিউন: শিকাগোতে অভিবাসনসংক্রান্ত সামরিক আইন প্রয়োগকারী সংস্থার (আইসিই) অভিযানের খবর কাভার করে ‘লোকাল রিপোর্টিং’ পুরস্কার পেয়েছে।

বিশেষ সম্মাননা: মায়ামি হেরাল্ডের সাংবাদিক জুলি কে ব্রাউনকে জেফরি এপস্টেইনের যৌন কেলেঙ্কারি এবং বিচারব্যবস্থার ত্রুটিগুলো সামনে আনার জন্য বিশেষ সম্মান জানানো হয়েছে।

পুলিৎজার কমিটির প্রশাসক মার্জোরি মিলার পুরস্কার প্রদানের সময় মার্কিন সংবিধানের প্রথম সংশোধনী ও স্বাধীন সংবাদপত্রের গুরুত্বের ওপর জোর দেন। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, এমন এক সময়ে, যখন হোয়াইট হাউস বা পেন্টাগনে সংবাদমাধ্যমের প্রবেশাধিকার সীমিত করা হচ্ছে এবং খোদ প্রেসিডেন্ট সংবাদপত্রের বিরুদ্ধে বিলিয়ন ডলারের মানহানির মামলা করছেন, তখন এই ধরনের সাহসী সাংবাদিকতা গণতন্ত্র রক্ষায় ঢাল হিসেবে কাজ করে।

 

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন