Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

ইসরায়েলের বসতি প্রকল্প বন্ধের দাবি যুক্তরাজ্যের, তলব ইসরায়েলি দূতকে

ছবি : সংগৃহীত

ঢাকা অর্থনীতি ডেস্ক:

ইসরায়েলের বিতর্কিত ই১ বসতি প্রকল্পের দরপত্র প্রকাশের তীব্র নিন্দা জানিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড। এই পদক্ষেপকে ‘অগ্রহণযোগ্য ও ধ্বংসাত্মক’ হিসেবে উল্লেখ করে তিনি অবিলম্বে প্রকল্পটি বন্ধ এবং দরপত্র প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

মিলিব্যান্ড জানিয়েছেন, ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সারকে তিনি সরাসরি বলেছেন, ইসরায়েলকে ই১ পরিকল্পনা বন্ধ করার পাশাপাশি সব ধরনের বসতি সম্প্রসারণও থামাতে হবে।

এদিকে, যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর ইসরায়েলের চার্জ দ’অ্যাফেয়ার্সকে তলব করে এ বিষয়ে লন্ডনের গভীর আপত্তির কথা জানিয়েছে। একই সঙ্গে প্রকল্পটির সিদ্ধান্ত দ্রুত প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।

ই১ প্রকল্পটি জেরুজালেমের সঙ্গে ইসরায়েলি বসতি মা’আলে আদুমিমকে যুক্ত করার পরিকল্পনার অংশ। সমালোচকদের আশঙ্কা, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে অধিকৃত পশ্চিম তীর কার্যত বিভক্ত হয়ে যেতে পারে। একই সঙ্গে পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরের মধ্যে গুরুত্বপূর্ণ ভৌগোলিক সংযোগও দুর্বল হয়ে পড়তে পারে।

মিলিব্যান্ড বলেন, বসতি সম্প্রসারণ ও বসতি স্থাপনকারীদের সহিংসতার প্রভাব ফিলিস্তিনি জনগোষ্ঠীর ওপর ভয়াবহ হয়ে উঠেছে। তাঁর মতে, এ ধরনের কর্মকাণ্ড ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত করতে পারে।

তিনি আরও বলেন, ব্রিটেন “হাত গুটিয়ে বসে থেকে দ্বি-রাষ্ট্র সমাধানের ধ্বংস মেনে নেবে না”। একই সঙ্গে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতিগুলোকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবেও উল্লেখ করেন তিনি।

মিলিব্যান্ড জানিয়েছেন, ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনা রক্ষায় আগামী সপ্তাহগুলোতে অবৈধ বসতি সম্প্রসারণের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞাসহ একাধিক কঠোর পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাজ্য।

সূত্র: আল জাজিরা

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন