Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি
ছবি : সংগৃহীত

অসুস্থ মায়ের চিকিৎসায় গান-নাটকের বিশেষ উৎসব

বিনোদন ডেস্ক:

সচেতন ও মানবিক নাগরিক হিসেবে আলাদা পরিচিতি রয়েছে অভিনেত্রী কাজী নওশাবা আহমেদের। অভিনয়ের পাশাপাশি মানুষ ও প্রাণীর জন্যও কাজ করেন তিনি। তার প্ল্যাটফর্ম ‘টুগেদার উই ক্যান’-এর মাধ্যমে বিশেষ সুবিধাসম্পন্ন শিশুদের নিয়েও কাজ করছেন এই অভিনেত্রী।

এবার এই প্ল্যাটফর্মের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী উৎসব ‘মায়ের জন্য টুগেদার উই ক্যান’। ২১ ও ২২ আগস্ট বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে আয়োজিত হবে উৎসবটি।

নওশাবা জানান, প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে দর্শকদের জন্য প্রবেশদ্বার খুলে দেওয়া হবে। এরপর ৬টা ৫০ মিনিটে শুরু হবে ধরণীর গান। এ পর্বে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সঙ্গে নতুন প্রজন্মের ছেলে-মেয়েদের সংগীত পরিবেশনা থাকবে।

এরপর শুরু হবে উৎসবের মূল পর্ব, নাট্য প্রদর্শনী। রাত ৮টায় মঞ্চস্থ হবে কবি জসীম উদদীনের বিখ্যাত কাব্যোপন্যাস অবলম্বনে নাটক ‘সোজন বাদিয়ার ঘাট’। নাটকটি মঞ্চস্থ করবেন ক্যামেলিয়া শারমিন চূড়া ও তার দল।

মূলত ক্যামেলিয়ার মা শাহিন সুলতানার চিকিৎসার জন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি রেকটাল ক্যানসারে আক্রান্ত, রয়েছেন চতুর্থ স্তরে। ফলে তার চিকিৎসা অতি জরুরি হয়ে পড়েছে। এর আগে ‘টুগেদার উই ক্যান’-এর সহযোগিতায় গাজীপুর সিটি কর্পোরেশনে মঞ্চনাটক প্রদর্শনী করেছিলেন ক্যামেলিয়া। সেখান থেকেও তিনি দারুণ সাড়া পেয়েছেন। এবার রাজধানী শহরে আয়োজন করা হচ্ছে এ উৎসব। টিকিট বিক্রির টাকা দিয়ে মায়ের চিকিৎসা করাই এর মূল উদ্দেশ্য।

কাজী নওশাবা জানান, উৎসবটির টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ও ৫০০ টাকা। তবে শিক্ষার্থীরা বিশেষ ছাড়ে ৩০০ টাকায় টিকিট নিতে পারবেন।

অভিনেত্রী এক ভিডিও বার্তায় বলেন, “সকলেই জানেন, ক্যানসার অত্যন্ত ব্যয়বহুল চিকিৎসা; সেটা একা করা সম্ভব নয়। ‘টুগেদার উই ক্যান’-এর ফিলোসফি হলো, আমরা সহমর্মিতা ও বন্ধুত্বে বিশ্বাসী। আমরা একতায় বিশ্বাসী। তাই প্রথমবার টিকিট বিক্রি করে এরকম একটি আয়োজন করছি। তাই সকলের সহযোগিতা প্রত্যাশা করছি; আপনারা পরিবার ও বন্ধুদের নিয়ে আসুন।”

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন