Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

মালয়েশিয়ায় কর্মী প্রেরণের খরচ ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ, কার্যক্রম শুরু আগামী সপ্তাহেই

ছবি : সংগৃহীত
ঢাকা অর্থনীতি ডেস্ক:
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে আগামী সপ্তাহের শেষ দিকে কর্মী প্রেরণের মূল কার্যক্রম শুরু হবে বলেও তিনি সংসদে উল্লেখ করেন।
আজ রোববার (১৫ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদের এক সম্পূরক প্রশ্নের উত্তরে মন্ত্রী এসব তথ্য জানান। এর আগে বিকাল সোয়া ৪টায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের অধিবেশন আরম্ভ হয়।
অধিবেশনে সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদ উল্লেখ করেন, বর্তমানে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে সাত থেকে আট লাখ টাকা পর্যন্ত অর্থ ব্যয় হচ্ছে। এই সংকটের নিরসন কবে ঘটবে এবং কবে নাগাদ স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে কর্মী পাঠানো শুরু হবে, তা দেশবাসী জানতে চায়। এ ছাড়া সরকার নির্ধারিত ১ লাখ ৫৪ হাজার টাকা ব্যয়ে কর্মীরা যেতে পারবেন কি না, সেটি তদারকি করার লক্ষ্যে পৃথক কোনো সংসদীয় কমিটি গঠন করা যায় কি না, সে বিষয়েও তিনি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণমন্ত্রী জানান, আগামীকাল সোমবারই মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য নির্ধারিত কেন্দ্রগুলোর তালিকা প্রকাশ করা হবে। পাশাপাশি আগামী সপ্তাহের শেষ নাগাদ কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মন্ত্রী আরও স্পষ্ট করেন, কর্মী পাঠানোর ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা চূড়ান্ত করা হয়েছে। নির্ধারিত এই অর্থের বাইরে কেউ অতিরিক্ত টাকা দাবি করলে এবং সরকারি ব্যবস্থাপনার বাইরে কোনো ধরনের অনিয়মে জড়ালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন