Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

জামানতবিহীন ৫০ হাজার টাকা ঋণ: বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল উদ্যোগ

বাংলাদেশ ব্যাংক। ছবি : সংগৃহীত
ঢাকা অর্থনীতি ডেস্ক:
ডিজিটাল মাধ্যমকে কাজে লাগিয়ে কোনো ধরনের জামানত ছাড়াই গ্রাহকদের সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত স্বল্প সুদে ঋণ প্রদানের নতুন উদ্যোগ হাতে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংকের প্রচলিত ই-ঋণ পুনঃঅর্থায়ন স্কিমটি সংস্কার ও হালনাগাদ করা হয়েছে।
আজ রোববার (১৫ নভেম্বর) দুপুরে বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
নতুন প্রজ্ঞাপন অনুসারে, তফসিলি ব্যাংকগুলোর পরিচালনায় থাকা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাপ এবং ই-ওয়ালেট ব্যবহার করে গ্রাহকরা বাড়িতে বসেই এই ঋণের আবেদন এবং তা গ্রহণ করতে পারবেন। সর্বোচ্চ ১২ মাস মেয়াদি এই ঋণের ক্ষেত্রে গ্রাহক পর্যায়ে সুদের হার সর্বোচ্চ ৯ শতাংশ ধার্য করা হয়েছে। পাশাপাশি, এই কর্মসূচির আওতায় ঋণ বিতরণের জন্য তফসিলি ব্যাংকগুলোকে মাত্র ১ শতাংশ সুদে পুনঃঅর্থায়ন তহবিলের জোগান দেবে কেন্দ্রীয় ব্যাংক।
নতুন নীতিমালা অনুযায়ী, সমাজের পিছিয়ে পড়া ও বিশেষ শ্রেণির গ্রাহকদের ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই তালিকার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছেন প্রান্তিক জনগোষ্ঠী, ক্ষুদ্র নারী উদ্যোক্তা, ১৮ থেকে ২৫ বছর বয়সী শিক্ষার্থী এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, দেশে ক্যাশলেস বা নগদবিহীন লেনদেন ব্যবস্থা শক্তিশালী করা এবং প্রান্তিক পর্যায়ে আর্থিক অন্তর্ভুক্তি আরও ত্বরান্বিত করার লক্ষ্যেই স্কিমটি যুগোপযোগী করা হয়েছে। সেই সঙ্গে এই পুনঃঅর্থায়ন তহবিলের মেয়াদ আগামী ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন