Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

মোংলা বন্দরকে ঘিরে দক্ষিণ-পশ্চিমের অর্থনৈতিক রূপান্তরের প্রত্যাশা

ছবি : সংগৃহীত

ঢাকা অর্থনীতি ডেস্ক:

দেশীয় ও বিদেশি বিনিয়োগ বাড়ায় দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলার সক্ষমতা বৃদ্ধিতে বড় পরিসরে উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। বন্দরটির আধুনিকায়ন ও অবকাঠামো উন্নয়নের কাজ শেষ হলে এটি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রধান অর্থনৈতিক কেন্দ্র বা হাব হিসেবে আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে।

নানামুখী বিনিয়োগের ফলে মোংলা বন্দরের পণ্য খালাস ও হ্যান্ডলিং সক্ষমতা যেমন বাড়বে, তেমনি খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও যশোর অঞ্চলে দ্রুত শিল্পায়ন ও ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। একই সঙ্গে সৃষ্টি হবে বিপুল কর্মসংস্থানের সুযোগ।

সরকার গঠনের পর থেকেই মোংলা বন্দরের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত ২২ অক্টোবর ও ৫ নভেম্বর, দু’বার বন্দরটি পরিদর্শন করেন তিনি। সর্বশেষ ৫ নভেম্বর প্রায় ৪,০৬৮ কোটি ২৩ লক্ষ টাকা ব্যয়ে দু’টি নতুন জেটি নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে ৩,৫৯২ কোটি ৯০ লাখ টাকা আসবে চীন সরকারের এক্সিম ব্যাংকের ঋণ সহায়তায়, বাকি ৪৭৫ কোটি ৩৩ লাখ টাকা বহন করবে বাংলাদেশ সরকার। ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্প বাস্তবায়িত হলে বন্দরের বার্ষিক কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা বেড়ে দাঁড়াবে প্রায় ৩ লাখ ৯৪ হাজার টিইইউ-তে।

এর বাইরে ১,৫৩৮ কোটি ১৯ লক্ষ টাকা ব্যয়ে পশুর চ্যানেলে ড্রেজিংয়ের কাজ চলছে। ২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে এটি শেষ হওয়ার কথা। কাজ সম্পন্ন হলে ৯ দশমিক ৫ থেকে ১০ মিটার ড্রাফটের বড় জাহাজও সরাসরি মোংলা বন্দরের জেটিতে নোঙর করতে পারবে।

বন্দরের অপারেশনাল দক্ষতা ও নিরাপত্তা বাড়াতে ইতোমধ্যে দুটি শক্তিশালী টাগবোট সংগ্রহ করা হয়েছে। একটি বয় লেয়িং ভেসেল, সার্চ অ্যান্ড রেসকিউ ভেসেল, মাদার ভেসেল ও হাইড্রোগ্রাফিক সার্ভে ভেসেল সংগ্রহের প্রক্রিয়া চলছে। ভারতীয় ঋণের আওতায় নির্মিত হয়েছে খুলনা-মোংলা রেললাইন। সামুদ্রিক পরিবেশ রক্ষায় বর্জ্য অপসারণ প্রকল্পও প্রায় শেষের পথে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদ উল ইসলাম, এমপি বাসস’কে বলেন, দু’বার প্রধানমন্ত্রীর মোংলা বন্দর সফর থেকেই প্রমাণিত হয় যে বন্দরের প্রতি সরকারের বিশেষ মনোযোগ রয়েছে। তাঁর এই সফর দেশি-বিদেশি বিনিয়োগকে আরও উৎসাহিত করবে, যা দেশের ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্যকে ত্বরান্বিত করবে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা বাসস’কে জানান, ১০ ও ১১ নম্বর জেটি নির্মাণ, প্রায় ২ লক্ষ ২৭ হাজার বর্গমিটার আয়তনের কনটেইনার ইয়ার্ড এবং কনটেইনার ফ্রেইট স্টেশন নির্মাণের মাধ্যমে বন্দরের সক্ষমতা বহুগুণ বাড়বে। এছাড়া ঢাকার কমলাপুর আইসিডি থেকে মোংলা বন্দর পর্যন্ত সরাসরি কনটেইনার ট্রেন চালুর উদ্যোগও নেয়া হয়েছে।

নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম গত ৬ নভেম্বর মোংলা বন্দর কর্মচারী সংঘের উদ্বোধনী অনুষ্ঠানে জানান, মোংলা বন্দরকে দক্ষিণ অঞ্চলের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে বহুমুখী পদক্ষেপ হাতে নিয়েছে সরকার। এতে খুলনা অঞ্চলের অর্থনৈতিক কার্যক্রম বহুলাংশে প্রসারিত হবে। তবে নতুন জেটি নির্মাণসহ সরকারের এসব উদ্যোগকে ব্যবসায়ীরা স্বাগত জানালেও অতীতে পশুর নদের নাব্যতা সংকটের কারণে সৃষ্ট ভোগান্তির কথা স্মরণ করিয়ে দেন তিনি।

বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন, খুলনার সভাপতি ক্যাপ্টেন মো. রফিকুল ইসলাম বাসস’কে বলেন, অতীতে বড় জাহাজ সরাসরি জেটিতে ভিড়তে না পেরে বহির্নোঙরে প্রায় অর্ধেক পণ্য নামাতে বাধ্য হতো। দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাবে কেবল সমস্যা দেখা দিলে তা সমাধানের চেষ্টা করা হতো। উন্নত বিশ্বের নদীবন্দরগুলোর মতো পরিকল্পিত ব্যবস্থাপনা গ্রহণের ওপর জোর দেন তিনি।

মোংলা পোর্ট বার্থ অ্যান্ড শিপ অপারেটরস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুলফিকার আলী বাসস’কে জানান, জাহাজ চলাচল কমে যাওয়ার প্রধান তিনটি কারণ হলো নাব্যতা সংকট এবং কনটেইনার জাহাজ ও গ্যাসবাহী জাহাজের আগমন হ্রাস।

তিনি জানান, নাব্যতা সংকটের কারণে অতীতের তুলনায় বর্তমানে অর্ধেক কনটেইনার জাহাজও আসছে না। ফলে মোংলা থেকে কনটেইনার পরিবহনের খরচ বেড়েছে এবং সিডিউল বিপর্যয় ঘটছে। রপ্তানিকারকরা নির্দিষ্ট সময়ের মধ্যে জাহাজীকরণে ব্যর্থ হওয়ায় বিদেশি ক্রেতারা অনেক সময় চালান ফিরিয়ে দেন। এই ঝুঁকি এড়াতে অনেক ব্যবসায়ী চট্টগ্রাম বন্দরের দিকে ঝুঁকছেন। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তিনি।

মোংলা পোর্ট কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মোশাররফ হোসেন বাসস’কে জানান, বর্তমান সরকারের তাৎক্ষণিক ড্রেজিংয়ের কারণে এ বছর বন্দর কর্তৃপক্ষ ৪০০ কোটি টাকার বেশি মুনাফা অর্জন করেছে। তবে এই সংকট চিরতরে দূর করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও উচ্চপর্যায়ের তদারকি দলের প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি।

উন্নয়ন পরিকল্পনাগুলো সামগ্রিকভাবে বাস্তবায়িত হলে মোংলা বন্দর দেশের অর্থনীতিতে এক নতুন ঐতিহাসিক অধ্যায়ের সূচনা করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বন্দর ব্যবহারকারী ও সংশ্লিষ্টরা।

সূত্র: বাসস

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন