Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

দিল্লির সরকারবিরোধী আন্দোলনে বাংলাদেশকে অনুপ্রেরণা বলে কী বোঝালেন রাজনাথ সিং

ছবি : সংগৃহীত

ঢাকা অর্থনীতি ডেস্ক:

নির্বাচন কমিশন ও প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে চলমান বিক্ষোভের মধ্যেই কংগ্রেস ও অন্যান্য বিরোধী রাজনৈতিক দলকে নিশানা করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বিরোধী দলগুলোর সমালোচনা করে তিনি বলেন, একপক্ষ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তন করতে চায়, আবার অন্যরা অনুপ্রেরণা নিয়েছে বাংলাদেশ থেকে।

যুবশক্তিকে দেশ গড়ার কাজে লাগানোর বদলে তাদের নৈরাজ্য ও রাজনৈতিক সংঘাতের ‘দাবার ঘুঁটি’ বানানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন তিনি।

শুক্রবার লক্ষ্ণৌতে এক সংবাদ সম্মেলনে রাজনাথ সিং এসব কথা বলেন।

তিনি বলেন, ‘দিল্লির সাম্প্রতিক ঘটনাবলী অনেক গুরুতর প্রশ্ন তুলেছে। মনে হচ্ছে, কংগ্রেস এবং তার রাজনৈতিক মিত্ররা তাদের সহযোগী সংগঠনগুলোর মাধ্যমে যুবশক্তির উদ্দীপনাকে গঠনমূলক কাজ ও দেশ গড়ার দিকে চালিত করার পরিবর্তে রাজনৈতিক সংঘাত ও নৈরাজ্য ছড়ানোর চেষ্টা করছে।’

রাজনাথ সিং আরও বলেন, ‘দেশের যুবসমাজকে নৈরাজ্যের রাজনীতির ঘুঁটি বানানোর চেষ্টা করা হচ্ছে। একজন বাংলাদেশের আদলে সরকার পরিবর্তন করতে চায়, আবার একজন সংবাদ সম্মেলনে প্রকাশ্যে বলে যে সে সরকার পরিবর্তনের জন্য বাংলাদেশ থেকে অনুপ্রেরণা নিয়েছে। অন্যদিকে আরেকজন দম্ভ ভরে সরকার উৎখাতের কথা বলে। এতে এটা স্পষ্ট হয়ে যায় যে, তাদের একমাত্র উদ্দেশ্য হলো গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা এবং দেশে আগুন জ্বালানো।’

প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘শাসনব্যবস্থা পরিবর্তনের মতো কথা বলা হচ্ছে, যা প্রমাণ করে যে তাদের লড়াই নির্বাচনী সংস্কার, এসআইআর, জ্ঞানেশ কুমার বা দেশের যুবকদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য নয়। তাদের এই লড়াই দেশে নৈরাজ্য সৃষ্টি করে ক্ষমতা দখলের একটা ষড়যন্ত্র।’

সূত্র: বিবিসি

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন