Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

প্রশাসনের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে বৃহস্পতিবার থেকে সাজেকে ফের সড়ক অবরোধের ডাক

ছবি : সংগৃহীত
ঢাকা অর্থনীতি ডেস্ক:
তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়া এবং প্রশাসনের দেওয়া প্রতিশ্রুতি ও শর্ত লঙ্ঘনের অভিযোগ তুলে রাঙামাটির সাজেকে পুনরায় সড়ক অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারী অ্যাসোসিয়েশন। যৌথভাবে সংগঠন দুটির দেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৬টা থেকে এই কর্মসূচি চালু হবে।
সাজেক গণ-অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা ও সাজেক কারবারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা গণমাধ্যমে পাঠানো একটি যৌথ বিজ্ঞপ্তিতে নতুন করে এ কর্মসূচি পালনের কথা জানান।
বিজ্ঞপ্তিতে তারা উল্লেখ করেন, জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র ক্যাডারদের অপসারণসহ সাজেক এলাকার জনগণের তিন দফা দাবি বাস্তবায়নে ৪৮ ঘণ্টার যে সময় বেঁধে দেওয়া হয়েছিল, তার মধ্যে কোনো দৃশ্যমান উদ্যোগ নিতে পারেনি প্রশাসন। এই ব্যর্থতা ও প্রতিশ্রুতি ভঙ্গের কারণে বৃহস্পতিবার থেকে পুনরায় সড়ক অবরোধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, এর পূর্বে গত রোববার অনির্দিষ্টকালের জন্য সড়ক পথ অবরোধের ডাক দিয়েছিল এই দুটি সংগঠন। পরবর্তীতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হলে প্রায় সাড়ে ১১ ঘণ্টা পার হওয়ার পর কর্মসূচিটি স্থগিত ঘোষণা করা হয়েছিল।
সংগঠন দুটির যৌথ বিজ্ঞপ্তিতে আরও নিশ্চিত করা হয় যে, এ অবরোধ চলাকালে জরুরী সেবায় নিয়োজিত পরিবহনসমূহ আওতামুক্ত রাখা হবে। যার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, মরদেহ বহনকারী যান, জরুরি ওষুধ পরিবাহী গাড়ি, সংবাদপত্রের গাড়ি এবং পেশাগত কাজে নিয়োজিত সাংবাদিকদের ব্যবহৃত যানবাহন।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন