Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-চীনের নতুন উদ্যোগ

ছবি : সংগৃহীত

ঢাকা অর্থনীতি ডেস্ক:

বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, গবেষণা ও প্রদর্শনী শিল্পের উন্নয়নে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ-চীন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই) এবং চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড (সিসিপিআইটি) একাডেমি।

গতকাল ঢাকার গুলশানে বিসিসিসিআই কার্যালয়ে সিসিপিআইটি একাডেমির প্রেসিডেন্ট ঝাও পিংয়ের নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বিসিসিসিআই নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে এসব বিষয়ে আলোচনা হয়।

প্রতিনিধিদলকে স্বাগত জানান বিসিসিসিআইয়ের মহাসচিব জামিলুর রহমান।

বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, বৃহৎ ভোক্তা বাজার, জনমিতিক সম্ভাবনা ও ব্যবসায়িক সুযোগের প্রশংসা করেন ঝাও পিং। পাশাপাশি দক্ষিণ এশিয়ার ব্যবসায়িক পরিবেশ নিয়ে গবেষণায় বিসিসিসিআইয়ের অংশগ্রহণের সম্ভাবনাকে স্বাগত জানান তিনি। চীনের নীতি ও ব্যবসায়িক কার্যক্রম সম্পর্কে সিসিপিআইটি একাডেমির প্রশিক্ষণ কর্মসূচির বিষয়েও আলোচনা
করেন তিনি।

বৈঠকে জ্বালানি, প্রদর্শনী শিল্প এবং গবেষণা ও জ্ঞান বিনিময়কে সহযোগিতার প্রধান ক্ষেত্র হিসেবে চিহ্নিত করা হয়। জ্বালানি সংকট মোকাবিলায় এলপিজি সংরক্ষণাগার, ব্যাটারি প্রযুক্তি ও সৌরবিদ্যুৎ খাতে চীনা বিনিয়োগের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

এ ছাড়া চট্টগ্রামের প্রদর্শনীকেন্দ্রের অবকাঠামো ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, বৈদ্যুতিক যানবাহন, সৌরশক্তি ও খাদ্যপণ্যের বিশেষায়িত প্রদর্শনী আয়োজন এবং বিভিন্ন খাতে যৌথ গবেষণার প্রস্তাব উঠে আসে।

বিসিসিসিআইয়ের নির্বাহী পরিচালক মো. আবু তাহের দুই প্রতিষ্ঠানের এক দশকের সম্পর্কের কথা তুলে ধরেন। চীনের গুরুত্বপূর্ণ বাণিজ্য প্রদর্শনী ও প্রশিক্ষণ কর্মসূচিতে বাংলাদেশের ব্যবসায়ীদের অংশগ্রহণের সুযোগ বাড়াতে সিসিপিআইটির সহযোগিতা কামনা করেন তিনি।

বৈঠকে উপস্থিত ছিলেন বিসিসিসিআইয়ের সহসভাপতি খন্দকার আতিকুর রহমান ও মাসুদ আলী খান, উপদেষ্টা মো. ফয়জুল আলম এবং পরিচালক ড. মো. রাকিবুল হক।

বৈঠকে যৌথ গবেষণা, প্রযুক্তি হস্তান্তর, বিনিয়োগ ও প্রদর্শনী শিল্পের উন্নয়নের মাধ্যমে দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করা হয়।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন