ঢাকা অর্থনীতি ডেস্ক: দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রামের নিউমুরিং কন্টেইনার টার্মিনালের পর এবার চট্টগ্রাম কন্টেইনার টার্মিনালের (সিসিটি) পরিচালনার দায়িত্বও বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
সৌদি আরবভিত্তিক প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনালকে সিসিটি পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু করতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে (সিপিএ) নির্দেশ দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। গত ২৮ সেপ্টেম্বর জারি করা এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়। বর্তমানে এই টার্মিনালটি পরিচালনা করছে দেশীয় প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক লিমিটেড।
নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ফারজানা হোসেন স্বাক্ষরিত চিঠিতে সিসিটির অপারেটর হিসেবে ওই সৌদি প্রতিষ্ঠানের নিয়োগপত্র প্রক্রিয়াকরণের জন্য ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের (আইবিএ) চেয়ারম্যানকে অনুরোধ জানানো হয়েছে। চিঠিতে পিপিপির আওতায় চট্টগ্রাম বন্দরের দুটি প্রকল্প বাস্তবায়নে রেড সি গেটওয়ের আগ্রহের কথা উল্লেখ করা হয়। প্রকল্প দুটি হলো সিসিটি ও জেনারেল কার্গো বার্থ এবং বে পোর্ট-মাল্টিপারপাস টার্মিনাল।
এর আগে ২০২৪ সালে পাওয়া ২২ বছর মেয়াদি চুক্তির আওতায় পতেঙ্গা কন্টেইনার টার্মিনালটি ইতোমধ্যে পরিচালনা করছে এই সৌদি প্রতিষ্ঠানটি। একই সঙ্গে দেশের প্রধান সমুদ্রবন্দরের সবচেয়ে বড় কন্টেইনার হ্যান্ডলিং সুবিধাসম্পন্ন এনসিটি বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার নীতিগত অনুমোদন রয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির হাতে। পতেঙ্গার পর এবার সিসিটিও বিদেশি কোম্পানির হাতে যাওয়ার প্রক্রিয়ায় নতুন মাত্রা যোগ হয়েছে।
এসএইচ










কমেন্ট করুন