Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি
ছবি : সংগৃহীত

পে-স্কেল বাস্তবায়নের রূপরেখা প্রকাশ, চলতি বছরেই কার্যকরের আশ্বাস অর্থমন্ত্রীর

ঢাকা অর্থনীতি ডেস্ক:

নবম জাতীয় পে-স্কেল সংক্রান্ত একটি সরকারি নথিতে এই প্রথম বেতন বৃদ্ধির হার, বাস্তবায়ন প্রক্রিয়া ও সম্ভাব্য পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়েছে। নথি অনুযায়ী, সরকারি কর্মচারীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করা হয়েছে, পাশাপাশি নতুন এই বেতন কাঠামো দুই ধাপে কার্যকর হওয়ার সম্ভাবনার কথাও জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সোমবার (১৭ আগস্ট) ‘জনগণের সরকারের ১৮০ দিন’ শিরোনামে একটি ই-বুক প্রকাশ করে, যেখানে এসব তথ্য উঠে এসেছে।

ই-বুক অনুযায়ী, নবম জাতীয় বেতন স্কেলের আওতায় ১ম থেকে ২০তম গ্রেড পর্যন্ত সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ বাড়ানোর সুপারিশ করা হয়েছে। দীর্ঘদিন ধরে অপেক্ষমাণ এই বেতন কাঠামো প্রণয়নের সুপারিশের মধ্য দিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে বলেও উল্লেখ রয়েছে নথিতে।

দুই ধাপে বাস্তবায়নের প্রস্তাব

পে-স্কেল বাস্তবায়নের সম্ভাব্য পদ্ধতিও বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে সরকারি নথিতে। এতে জানানো হয়, নবম জাতীয় পে-স্কেল দুই ধাপে কার্যকর করা যেতে পারে। প্রথম বছরে নতুন কাঠামো অনুযায়ী মূল বেতন এবং দ্বিতীয় বছরে বাড়ি ভাড়া ও অন্যান্য ভাতা কার্যকর করার সুপারিশ করা হয়েছে।

নথিতে আরও উল্লেখ করা হয়, পে-স্কেল সংক্রান্ত সুপারিশ ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে এবং সচিব কমিটির সব সদস্য চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর সম্পন্ন করেছেন।

বেতন-ভাতা ও পেনশন খাতে বিপুল বরাদ্দ

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এ সংক্রান্ত বরাদ্দের তথ্যও উঠে এসেছে ই-বুকে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ ৮৯ হাজার ৮৩৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে জানানো হয়েছে। পেনশন ও গ্র্যাচুইটিসহ এই খাতে মোট বরাদ্দের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকায়।

এদিকে চলতি বছরেই নবম জাতীয় পে-স্কেল কার্যকর হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার (১৭ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ে পে কমিশন নিয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে পে-কমিশনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে তিনি বলেন, পে-কমিশনের অনেকগুলো দিক রয়েছে এবং সরকার সবগুলো বিষয় বিবেচনা করছে। এ বিষয়ে আরও আলোচনা প্রয়োজন রয়েছে। পরে আবার বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সব মিলিয়ে, পে-স্কেল বাস্তবায়নের পদ্ধতি ও ধাপ সংক্রান্ত তথ্য প্রকাশের পাশাপাশি চলতি বছরেই তা কার্যকরের বিষয়ে অর্থমন্ত্রীর বক্তব্য সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন করে আশা জাগিয়েছে।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন