Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

তিতুমীর কলেজে বক্তব্য দেওয়ার দাবি মিথ্যা: প্রফেসর বোরহান

নিজস্ব প্রতিবেদক:

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নাম ও ছবি ব্যবহার করে প্রচারিত একটি বক্তব্যকে সম্পূর্ণ মিথ্যা, বিকৃত ও উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর ড. বোরহান উদ্দিন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর নাম ও ছবি ব্যবহার করে একটি বক্তব্য প্রচার করা হচ্ছে। সেখানে দাবি করা হয়েছে, তিনি তিতুমীর কলেজে গিয়ে—“আইন মানলে তো শেখ হাসিনা আজ প্রধানমন্ত্রী থাকার কথা” এমন মন্তব্য করেছেন। তবে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, এ ধরনের কোনো বক্তব্য তিনি কখনো দেননি।

এক প্রতিবাদ ও প্রত্যাখ্যান বিবৃতিতে তিনি বলেন, প্রচারিত উদ্ধৃতিটি সম্পূর্ণ মিথ্যা, বিকৃত ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরি করা হয়েছে। একজন শিক্ষক ও গবেষক হিসেবে তিনি দীর্ঘদিন ধরে একাডেমিক ও প্রাতিষ্ঠানিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন এবং বর্তমানে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি বলেন, এ ধরনের ভিত্তিহীন প্রচারণা শুধু তাঁর ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ণ করার অপচেষ্টা নয়, একই সঙ্গে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভাবমূর্তি নষ্ট করারও চেষ্টা। রাজনৈতিকভাবে স্পর্শকাতর বিষয়ে মিথ্যা উদ্ধৃতি তৈরি করে বিভ্রান্তি ছড়ানো গুরুতর অসততা এবং তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও তিনি উল্লেখ করেন।

বিবৃতিতে তিনি সংশ্লিষ্ট সবাইকে যাচাই-বাছাই ছাড়া এ ধরনের পোস্ট শেয়ার বা প্রচার না করার আহ্বান জানান। একই সঙ্গে যারা মিথ্যা তথ্য ছড়িয়েছেন, তাদের বিরুদ্ধে যথাযথ কর্তৃপক্ষের কাছে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন