ঢাকা অর্থনীতি ডেস্ক:
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের চার বিভাগে কোথাও কোথাও আগামীকাল শুক্রবার দুপুর পর্যন্ত ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে অতিভারি বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (৬ আগস্ট) প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, আগামীকাল থেকে সারা দেশে টানা চার দিন মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অফিসের ভারি বৃষ্টিপাতসংক্রান্ত সতর্কবার্তায় বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ সকাল ৯টা থেকে আগামীকাল সকাল ৯টা পর্যন্ত ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতিভারি (৮৮ মিলিমিটারের বেশি) বৃষ্টিপাত হতে পারে। অতিভারি বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।
নিয়মিত আবহাওয়া পূর্বাভাসে আরও বলা হয়েছে, আজ সকাল থেকেই দেশের বিভিন্ন এলাকায় ভারি বৃষ্টি হয়েছে।
সকাল ১১টার পর রাজধানী ঢাকায়ও ভারি বৃষ্টিপাত হয়। আগামীকাল শুক্রবার সকাল ৯টা থেকে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী শনিবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ ছাড়া আগামী রোববার ও সোমবারও এসব বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।










কমেন্ট করুন