ঢাকা অর্থনীতি ডেস্ক:
সার্কের বর্তমান সংকট কেবল রাজনৈতিক নয়, প্রাতিষ্ঠানিকও বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। প্রয়োজনীয় সংস্কার ও সদস্য দেশগুলোর রাজনৈতিক সদিচ্ছা থাকলে দক্ষিণ এশিয়ার এই আঞ্চলিক জোট বাংলাদেশের ভবিষ্যৎ অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে উঠতে পারে বলেও জানান তিনি।
সোমবার (৭ জুলাই) রাজধানীতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
শামা ওবায়েদ জানান, সার্ককে আবারও কার্যকর, বাস্তবসম্মত ও ফলপ্রসূ আঞ্চলিক সংস্থায় পরিণত করতে বাংলাদেশ সক্রিয়ভাবে কাজ করবে। এ লক্ষ্যে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি সংস্থাটির প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি ও কাঠামোগত সংস্কারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সার্কভুক্ত প্রতিটি দেশের সঙ্গে পৃথকভাবে যোগাযোগ করছে ঢাকা বলে জানান প্রতিমন্ত্রী। সার্ককে পুনরুজ্জীবিত করার বিষয়ে সদস্য রাষ্ট্রগুলো ইতিবাচক মনোভাব দেখাচ্ছে বলেও দাবি করেন তিনি। আঞ্চলিক সহযোগিতা জোরদারে ভবিষ্যতেও সার্কের পাশাপাশি বিমসটেকের সঙ্গে সমান গুরুত্ব দিয়ে কাজ চালিয়ে যাবে বাংলাদেশ বলেও জানান শামা ওবায়েদ।










কমেন্ট করুন