Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি
ছবি : সংগৃহীত

ইরাককে উড়িয়ে নকআউটে ফ্রান্স, ইতিহাস ছুঁলেন এমবাপ্পে

ঢাকা অর্থনীতি ডেস্ক:

কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে ইরাককে ৩-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের শেষ ৩২ নিশ্চিত করেছে ফ্রান্স। এই জয়ে যুক্তরাষ্ট্র, মেক্সিকো, জার্মানি ও আর্জেন্টিনার পর পঞ্চম দল হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে গত আসরের রানার্সআপরা।

সোমবারের ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে ফ্রান্স। ম্যাচের ১৪তম মিনিটে মাইকেল অলিসের পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন এমবাপ্পে। প্রথমার্ধে সেই এক গোলের ব্যবধান নিয়েই বিরতিতে যায় ফরাসিরা।

বৈরী আবহাওয়ার কারণে বিরতির পর প্রায় দুই ঘণ্টা খেলা বন্ধ থাকলেও পুনরায় শুরু হওয়ার পরও ছন্দ হারায়নি ফ্রান্স। ৫৪তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোজার রেকর্ড স্পর্শ করেন এমবাপ্পে। বিশ্বকাপে দুজনেরই গোলসংখ্যা এখন ১৬। এই তালিকার শীর্ষে রয়েছেন লিওনেল মেসি, যার গোল সংখ্যা ১৮।

দ্বিতীয় গোলের পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ফ্রান্স। ইরাকের রক্ষণভাগে একের পর এক চাপ সৃষ্টি করে উসমান দেম্বেলের গোলে ব্যবধান ৩-০ করেন তারা। শেষ পর্যন্ত এই ব্যবধানই ধরে রেখে মাঠ ছাড়ে দিদিয়ের দেশমের দল।

এই জয়ের মাধ্যমে ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশমও একটি বিশেষ রেকর্ড স্পর্শ করেছেন। বিশ্বকাপ ইতিহাসে কোচ হিসেবে সর্বোচ্চ ১৬ জয়ের রেকর্ডে তিনি এখন জার্মানির সাবেক কোচ হেলমুট শ্যোনের সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছেন।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে নরওয়ের বিপক্ষে জয় পেলে ১৭তম জয় নিয়ে এককভাবে এই রেকর্ডের মালিক হবেন দেশম।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন