ঢাকা অর্থনীতি ডেস্ক:
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইগামী এক যাত্রীকে প্রায় ৯৫ লাখ টাকার বৈদেশিক মুদ্রাসহ আটক করা হয়েছে। আটক যাত্রীর নাম মোহাম্মদ আবু বক্কর।
বৃহস্পতিবার (১৮ জুন) রাত ৮টা ১৫ মিনিটের দিকে বিমানবন্দরের যাত্রী বহির্গমন লাউঞ্জে যৌথ অভিযান চালিয়ে বৈদেশিক মুদ্রাসহ তাকে আটক করা হয়।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা, বিমানবন্দর কাস্টমস শাখা, এনএসআই ও ডিজিএফআইয়ের সদস্যরা যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন। অভিযানে মোহাম্মদ আবু বক্করের হ্যান্ড লাগেজ তল্লাশি করা হয়। তল্লাশিতে তার কাছ থেকে ২ লাখ ৫৩ হাজার ৬৬৫ ইউএই দিরহাম এবং ৪ হাজার ৭৯০ ওমানি রিয়াল উদ্ধার করা হয়, যার বাংলাদেশি মুদ্রায় আনুমানিক মূল্য ৯৪ লাখ ৫১ হাজার ৩৯৭ টাকা।
আটক আবু বক্কর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাইগামী ফ্লাইট বিজি-১৪৭-এর যাত্রী ছিলেন। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, তার বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায়।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, বৈদেশিক মুদ্রা পাচার, আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ এবং সরকারি রাজস্ব ফাঁকি প্রতিরোধে বিমানবন্দরে সংশ্লিষ্ট সংস্থাগুলোর নজরদারি অব্যাহত থাকবে।










কমেন্ট করুন