ঢাকা অর্থনীতি ডেস্ক:
মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের পক্ষ থেকে সুদের হার বাড়ানোর কঠোর ইঙ্গিতের প্রভাবে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ধারাবাহিকভাবে কমছে। এর ফলে মূল্যবান এই ধাতুটি টানা তৃতীয় সপ্তাহের মতো বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে।
শুক্রবার (১৯ জুন) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আন্তর্জাতিক বাজারে এদিন স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৮৪ দশমিক ৩৩ মার্কিন ডলারে নেমে এসেছে। সপ্তাহের শুরু থেকে এখন পর্যন্ত স্বর্ণের দাম প্রায় শূন্য দশমিক ৯ শতাংশ কমেছে।
একই সময়ে আগস্টে সরবরাহযোগ্য মার্কিন গোল্ড ফিউচারসের দাম ১ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ২০২ দশমিক ১০ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে ড্রাগন বোট ফেস্টিভ্যাল উপলক্ষে মূল ভূখণ্ড চীন ও হংকংয়ের শেয়ারবাজার বন্ধ থাকায় এশিয়ার বাজারে লেনদেনও সীমিত ছিল।
বিশ্লেষকরা বলছেন, মার্কিন ডলারের মূল্য বর্তমানে গত এক বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানের কাছাকাছি রয়েছে। ফলে অন্যান্য মুদ্রার বিপরীতে ডলারে নির্ধারিত স্বর্ণ কেনা আরও ব্যয়বহুল হয়ে উঠেছে।
কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, ‘আমেরিকা ও ইরানের মধ্যকার শান্তি চুক্তির ওপর ভর করে সোনার বাজারে যে সুবাতাস এসেছিল তা খুবই ক্ষণস্থায়ী প্রমাণিত হয়েছে।’ তিনি আরও জানান, ফেডারেল রিজার্ভের নতুন চেয়ারম্যান কেভিন ওয়ারশের কঠোর অবস্থানের কারণে ডলার শক্তিশালী হয়েছে এবং সেটিই বর্তমানে বাজারের প্রধান নিয়ামক হয়ে উঠেছে।
কেভিন ওয়ারশ দায়িত্ব নেওয়ার পর প্রথম নীতি নির্ধারণী সভায় সুদের হার অপরিবর্তিত রাখা হলেও গত বুধবার প্রকাশিত ভবিষ্যৎ অর্থনৈতিক প্রক্ষেপণে নতুন বার্তা পাওয়া গেছে।
ফেডারেল রিজার্ভের ১৯ জন নীতিনির্ধারকের মধ্যে ৯ জন মনে করছেন, চলতি বছরের শেষ নাগাদ সুদের হার আরও বাড়ানোর প্রয়োজন হতে পারে। ইরান যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক মূল্যস্ফীতির চাপও কেন্দ্রীয় ব্যাংকগুলোকে কঠোর অবস্থান নিতে প্রভাবিত করছে।
সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, আগামী ডিসেম্বর মাসে যুক্তরাষ্ট্রে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা এখন ৮৭ শতাংশে পৌঁছেছে, যা ফেডারেল রিজার্ভের বৈঠকের আগে ছিল ৬১ শতাংশ। সাধারণত উচ্চ সুদের হার স্বর্ণের বিনিয়োগ আকর্ষণ কমিয়ে দেয়, কারণ এ ধাতু থেকে সরাসরি কোনো সুদ বা লভ্যাংশ পাওয়া যায় না।
এ পরিস্থিতিতে বহুজাতিক বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাক্স ডিসেম্বর মাসের জন্য স্বর্ণের সম্ভাব্য মূল্য লক্ষ্যমাত্রা ৫ হাজার ৪০০ ডলার থেকে কমিয়ে ৪ হাজার ৯০০ ডলারে নির্ধারণ করেছে। ব্যাংকটির ধারণা, চলতি বছরে ফেডারেল রিজার্ভ সুদের হার কমানোর পথে হাঁটবে না।
এদিকে ভূরাজনৈতিক অঙ্গনেও পরিবর্তন এসেছে। গত বৃহস্পতিবার ওমান উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে আবারও বাণিজ্যিক তেলবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে দীর্ঘদিনের নৌ অবরোধও আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করেছে।
স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও দরপতন দেখা গেছে। স্পট সিলভারের দাম ১ দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৬৪ দশমিক ৮৩ ডলারে নেমেছে। এছাড়া প্ল্যাটিনামের দাম ১ দশমিক ৩ শতাংশ কমে ১ হাজার ৬৭৪ দশমিক ৪৭ ডলার এবং প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ৮ শতাংশ হ্রাস পেয়ে ১ হাজার ২৬৮ দশমিক ৬৫ ডলারে দাঁড়িয়েছে।










কমেন্ট করুন