Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রের প্রস্তাব পর্যালোচনা করছে ইরান

ইসমাইল বাঘাই। ছবি : সংগৃহীত

ঢাকা অর্থনীতি ডেস্ক:

যুক্তরাষ্ট্রের পাঠানো সাম্প্রতিক প্রস্তাবটি এখনও পর্যালোচনা করছে ইরান এবং এর বিপরীতে কী প্রতিক্রিয়া দেখানো হবে তা বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

শুক্রবার (৮ মে) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এই তথ্য নিশ্চিত করেছে। বাঘাই জানান, তেহরান প্রস্তাবটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে এবং যথাযথ আলোচনার পরই চূড়ান্ত অবস্থান নেওয়া হবে।

পাশাপাশি আগের রাতে মার্কিন বাহিনীর সঙ্গে সংঘটিত সামরিক সংঘর্ষ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বাঘাই। তিনি ওয়াশিংটনের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সরাসরি অভিযোগ তোলেন। তার মতে, ওই রাতের ঘটনা শুধু উস্কানিমূলক নয়, এটি বৈশ্বিক আইন কাঠামোর চরম লঙ্ঘন।

মুখপাত্র আরও সতর্ক করে বলেন, ইরানের সশস্ত্র বাহিনী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দিতে তারা সম্পূর্ণ প্রস্তুত।

বাঘাইয়ের এই কঠোর বক্তব্য ও ওয়াশিংটনের প্রতি অনমনীয় অবস্থান মধ্যপ্রাচ্যের ইতোমধ্যে টানটান রাজনৈতিক ও সামরিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে মনে করা হচ্ছে।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন