Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

কোরবানির পশু নিয়ে সংকটের আশঙ্কা নেই, উদ্বৃত্ত থাকবে ২২ লাখের বেশি: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। ছবি : সংগৃহীত

ঢাকা অর্থনীতি ডেস্ক:

আসন্ন ঈদুল আযহায় কোরবানির পশুর কোনো ঘাটতি হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, এ বছর চাহিদার তুলনায় ২২ লাখেরও বেশি পশু বাড়তি থাকবে।

আজ দুপুরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে কোরবানির পশুর চাহিদা, সরবরাহ ও পরিবহন পরিস্থিতি নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, এ বছর কোরবানির পশুর সম্ভাব্য চাহিদা ধরা হয়েছে ১ কোটি ১ লাখ ৬ হাজার ৩৩৪টি। সেখানে দেশে মোট পশুর প্রাপ্যতা রয়েছে ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার ৮৪০টি। ফলে উদ্বৃত্ত থাকবে প্রায় ২২ লাখ ২৭ হাজার ৫০৬টি পশু। এর মধ্যে গরু-মহিষ ৫৬ লাখ ৯৫ হাজার ৮৭৮টি, ছাগল-ভেড়া ৬৬ লাখ ৩২ হাজার ৩০৭টি এবং অন্যান্য প্রজাতির প্রাণী ৫ হাজার ৬৫৫টি।

তিনি আরও জানান, সারা দেশে ৩ হাজার ৬০০-এর বেশি পশুর হাট বসবে। রাজধানীতে উত্তর সিটি কর্পোরেশনে ১৬টি ও দক্ষিণ সিটি কর্পোরেশনে ১১টিসহ মোট ২৭টি হাট নির্ধারণ করা হয়েছে। এসব হাটে ২০টি ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করবে। পশুবাহী ট্রাকে চাঁদাবাজি ঠেকাতে সরকার কঠোর থাকবে এবং হাটে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক তৎপর থাকবে। প্রয়োজনে সাদা পোশাকেও সদস্যরা দায়িত্ব পালন করবেন।

দেশীয় খামারিদের সুরক্ষায় সীমান্তবর্তী হাট বন্ধের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, আগে সীমান্তঘেঁষা কিছু হাটের মাধ্যমে বিদেশি পশু ঢুকে দেশীয় খামারিরা ক্ষতির মুখে পড়তেন। সেই পরিস্থিতি এড়াতে এবার বর্ডার এলাকায় হাট না বসানোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

এবারও অনলাইনে পশু বিক্রির সুযোগ থাকবে এবং এ ক্ষেত্রে কোনো খাজনা বা হাসিল নেওয়া হবে না বলেও জানান মন্ত্রী। পাশাপাশি কোরবানির চামড়া যথাযথভাবে সংরক্ষণে পেশাদার ও অপেশাদার কসাই এবং কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে, যাতে চামড়া নষ্ট না হয়।

সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি, মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খানসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন