ঢাকা অর্থনীতি ডেস্ক:
সুপ্রিম কোর্টে সাংবাদিকদের প্রবেশে আরোপিত নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রোববার দুপুরে আদালত প্রাঙ্গণের মূল ফটকের সামনে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেছেন সুপ্রিম কোর্ট বিটে কর্মরত গণমাধ্যমকর্মীরা। একই সঙ্গে আগের মতো প্রবেশের সুযোগ দিতে প্রধান বিচারপতির কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানান তাঁরা।
মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্বজুড়ে যেদিন মুক্ত গণমাধ্যম দিবস পালিত হচ্ছে, সেদিন তাঁরা নিজেদের দীর্ঘদিনের কর্মক্ষেত্রে ঢুকতে পারছেন না, এটি অত্যন্ত বেদনাদায়ক। বর্তমান প্রধান বিচারপতি দায়িত্ব নেওয়ার পর সর্বোচ্চ আদালতে বছরের পর বছর ধরে চলে আসা রীতি বন্ধ করে দেওয়া হয়েছে। তাঁরা স্পষ্ট করেন, সাংবাদিকেরা ব্যক্তিগত স্বার্থে নয়, সংবাদ সংগ্রহের প্রয়োজনেই সুপ্রিম কোর্টে আসেন।
এর আগে গত ২৯ জানুয়ারি ল রিপোর্টার্স ফোরাম (এলআরএফ) প্রধান বিচারপতি বরাবর চিঠি দিয়ে সুপ্রিম কোর্টের উভয় বিভাগে সাংবাদিকদের অবাধ প্রবেশের পথে বাধা দূর করার অনুরোধ জানিয়েছিল। চিঠিতে উল্লেখ করা হয়, গত ৭ জানুয়ারি থেকে আপিল বিভাগসহ হাইকোর্ট বিভাগের একাধিক বিচারকক্ষে সাংবাদিকদের প্রবেশ বন্ধ রাখা হয়েছে, যা মামলার শুনানি ও রায়ের সঠিক তথ্য সংগ্রহ ও প্রচারে বাধা তৈরি করছে এবং স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী।
মানববন্ধনে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের (এসআরএফ) সভাপতি মাসউদুর রহমান বলেন, গণমাধ্যমকর্মীদের প্রতিপক্ষ মনে করা হলে তাঁরা কঠোর অবস্থানে যেতে বাধ্য হবেন। তিনি বলেন, ‘আমরা প্রয়োজনে সুপ্রিম কোর্টের সব সংবাদ প্রকাশ বন্ধ করে দেব।…আমরা প্রধান বিচারপতির কাছে বিনয়ের সঙ্গে বলতে চাই, আগে যেভাবে…সাংবাদিকেরা প্রবেশ করত, সংবাদ সংগ্রহ করত, সেভাবে প্রবেশ করতে দেবেন—এটা আপনার কাছে অনুরোধ রইল।’










কমেন্ট করুন