Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

ভুয়া প্রচারের মচ্ছব

নারীকে অবমাননা করে জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমানের এক্স হ্যান্ডলের একটি পোস্ট ঘিরে চলছে তুমুল আলোচনা–সমালোচনা। এই আলোচনার মধ্যেই নির্বাচনী প্রচারে থাকা শফিকুর রহমানের একটি জনসভার ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি বলে শনাক্ত হয়েছে। এছাড়াও প্রবাসী ভোটাররা জামায়াতে ভোট দিবেন মর্মে প্রচারিত আরো একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে- সেটিও ভুয়া বলে প্রমানিত হয়েছে।

আইডি হ্যাক করে ‘নারী অবমাননাকর’ সেই পোস্ট দেওয়া হয়েছিল বলে জামায়াত দাবি করলেও, তা নিয়েও উঠেছে প্রশ্ন। অন্যদিকে, ফেসবুকে জামায়াতের একটি বিশাল সমাবেশের ছবি ঘুরছে, যার ক্যাপশনে বলা হয়েছে, ‘জামায়াতের জনপ্রিয়তা দেখে বিএনপি দিশাহারা হয়ে গেছে।’ গুগল জেমিনির সিন্থআইডি জানাচ্ছে, এটি ‘গুগলএআই’–এর মাধ্যমে সম্পাদনা করা হয়েছে। টুল হাইভ মডারেশনে ফেললে জবাব আসে, ছবিটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯ দশমিক ৭ শতাংশ অর্থাৎ ছবিটি ভুয়া।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপর একটি ভিডিওতে আগামী নির্বাচনে ভোট দিতে ৫৫ লাখ প্রবাসী বাংলাদেশি পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করেছেন এবং এর মধ্যে ৫০ লাখ প্রবাসী ভোটার জামায়াতে ইসলামীকে ভোট দেবেন দাবি করা হয়েছে। তবে নির্বাচন কমিশনের তথ্যে দেখা যায়, পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধিত ভোটার সংখ্যা ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪; তার মধ্যে প্রবাসী ৭ লাখের প্রায়। অর্থাৎ জামায়াতের পক্ষে প্রচারিত এই তথ্যটিও ভুয়া।

শুধু তাই নয়, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে উদ্ধৃত করে একটি বক্তব্য ‘এখন টিভি’র ডিজিটাল লোগো ব্যবহার করে ছড়ানো হচ্ছে ফেসবুকে। যেখানে বলা হচ্ছে  ‘আপনারা ভোট দিয়ে দুর্নীতিবাজ, সন্ত্রাসী ও চাঁদাবাজদের সংসদে পাঠাবেন—আর তারপর আমাদের কাছে নিরাপত্তা চাইবেন? এটা কেমন কথা?’

তবে বিস্তারিত যাচাই করে এমন কোনো বক্তব্যের অস্তিত্ব নেই। এ বিষয়ে জানতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সঙ্গে যোগাযোগ করা হলে গনমাধ্যমকে জানানো হয়, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এরকম কোনো বক্তব্য দেননি। তাছাড়া ছড়িয়ে পড়া এই ফটোকার্ড নিয়ে এখন টিভি জানিয়েছে, সেনাপ্রধানকে নিয়ে ছড়ানো এই ফটোকার্ডটি তাদের তৈরি করা নয়।

তথ্যসূত্র: প্রথম আলো

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন