বিনোদন প্রতিবেদক:
আবারো বড় পর্দায় ফিরেছেন এক সময়ের প্রভাবশালী বলিউড তারকা রানী মুখার্জী। দীর্ঘ বিরতির পর আরো শক্তিশালী ও আকর্ষণীয় চরিত্রে ফিরে এসেছেন তিনি। যশরাজ ফিল্মস প্রযোজিত জনপ্রিয় ক্রাইম-থ্রিলার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘মারদানি ৩’ সম্প্রতি মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে।
আগের দুই পর্বের মতো এবারও রানিকে দেখা গেছে নির্ভীক, আপসহীন পুলিশ অফিসার শিবানী শিবাজি রায়-এর ভূমিকায়। এবার ‘মারদানি ৩’-এর গল্পের কেন্দ্রে রয়েছে সমাজে গভীরভাবে প্রোথিত জাতিবাদ, লিঙ্গবৈষম্য ও পিতৃতান্ত্রিক মানসিকতার বিরুদ্ধে এক কঠিন ও সাহসী লড়াই। সামাজিক বার্তা ও থ্রিলারের মিশেলে ছবিটি দর্শক ও সমালোচকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে।
বক্স অফিসের হিসেবে, ছবিটি প্রথম দুই দিনে আয় করেছে প্রায় ৯.৬০ কোটি রুপি। বাণিজ্য বিশ্লেষকদের মতে, আসন্ন সাপ্তাহিক ছুটির দিনগুলোতে ছবিটির মোট আয় প্রায় ১৬ কোটি রুপি ছুঁতে পারে। যদিও আয় বৃদ্ধির হার ইতিবাচক, তবে বিশ্লেষকদের মতে এই ধরনের সামাজিক-থ্রিলার সিনেমার ক্ষেত্রে দীর্ঘমেয়াদে প্রেক্ষাগৃহে টিকে থাকতে হলে আরও শক্তিশালী গ্রোথ প্রয়োজন।








কমেন্ট করুন