Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

গাবতলী টু প্রধানমন্ত্রী- এক মজলুমের বিজয়গাঁথা

বিশেষ প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দীর্ঘ ২০ বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বেসরকারীভাবে প্রাপ্ত ফলাফলে ২৯৯টি আসনের মধ্যে ২১৩টি আসনে জয় পেয়েছে বিএনপি।

উল্লেখ্য, বাংলাদেশে সরকার গঠনের জন্য ৩০০টি সংসদীয় আসনের মধ্যে অন্তত ১৫১টি আসনে জয় প্রয়োজন। সেই হিসেবে বিএনপিই আগামীর সরকার গঠন করছে, এটা নিশ্চিত।

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, ক্ষমতায় গেলে তারেক রহমানই হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী এমন ঘোষণা আগেই দিয়েছিল বিএনপি। এবারই তিনি প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন এবং সব আসনেই জয়লাভ করেন।

ঢাকা-১৭ ও বগুড়া-৬ এই দু’টি আসনে প্রতিদ্বন্দ্বতা করে দু’টি আসনিই বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

দলীয় সূত্রগুলো বলছে, আশির দশকে এরশাদবিরোধী আন্দোলনের সময় থেকেই রাজনীতিতে সক্রিয় হন তারেক রহমান। ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির সদস্য হিসেবে তার আনুষ্ঠানিক রাজনৈতিক যাত্রা শুরু হয়।

২০০২ সালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এবং ২০০৯ সালে সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। ২০১৮ সালে খালেদা জিয়া কারান্তরীণ হওয়ার পর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন এবং আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে নেতৃত্ব দেন। দীর্ঘ ১৭ বছরের প্রবাসজীবন শেষে গত বছরের ২৫ নভেম্বর দেশে ফেরেন তারেক রহমান। দীর্ঘ প্রবাস জীবনে তিনি তারঁ ছোট ভাইকে হারান। মা বেগম খালেদা জিয়া যিনি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, তাঁকে বন্দী করে রাখা হয়। এর আগে সেনা সরকারের নির্মম নির্যাতনে চরম অসুস্থ অবস্থায় চিকিৎসার জন্য বিদেশ যেতে বাধ্য হন তারেক রহমান।

২০২৫ সালের ২৭ নভেম্বর তিনি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন।

গত ৩০ ডিসেম্বর খালেদা জিয়া মৃত্যুবরণ করার পরে গত ৯ জানুয়ারি দলের স্থায়ী কমিটি তারেক রহমানকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করে।

এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত দলটিকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যান খালেদা জিয়া। দীর্ঘ নয় বছর স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে ১৯৯১ সালের নির্বাচনে জয়ী হয় বিএনপি। সেসময় দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন বেগম খালেদা জিয়া। ১৯৯৬ সালেও স্বল্প সময়ের জন্য সরকার গঠন করেছিল বিএনপি।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন